দুঃখ
দুঃখ
খাদিজা বেগম
দুঃখ আমার বড় সম্পদ
তাইতো কাউকে এই দুঃখের ভাগ দেবো না,
দুঃখ আমার শিক্ষা গুরু
এই দুঃখকে নেতিবাচক ভেবো না।।
অবিচ্ছেদ্য অংশ দুঃখ
দুঃখ আমার ব্যক্তিগত ক্ষমতা,
দুঃখ আমায় দান করেছে
ক্ষমা ধৈর্য ভালোবাসা মমতা।
দুঃখ আমার জীবন মরণ
দুঃখ ছাড়া আমি বেঁচে রবো না।।
দুঃখের প্রেমে মন ডুবেছে
দুঃখ ছাড়া অন্য কিছু বুঝি না,
দুঃখের মাঝে এতটা সুখ
তাইতো আমি সুখের ভুবন খুঁজি না।।
জীবন ছাড়া মাটির কায়া
শুয়ে পড়ে যায় না তারে জাগানো,
দুঃখ ছাড়া মানব জীবন
সত্যি কারের কাজে যায় না লাগানো।
দুঃখের মাঝেই সুখের খনি
তাইতো দুঃখ ছাড়া অন্য কিছু নেবো না।।
Comments
Post a Comment