ছোট্ট বেলা

 ছোট্ট বেলা

খাদিজা বেগম 


চরণে চরণে হারিয়ে ফেলেছি 

আমার ছোট্ট বেলার সকল সুখ, 

এখন আমার চরণ বাড়াতে 

ভয় লাগে খুব কেঁপে কেঁপে ওঠে বুক।।


পলকে পলকে ঝলসে গিয়েছে 

আমার সোনায় মোড়ানো সোনালী কায়া,

একটু একটু করে সরে গেছে 

মাথার উপর থেকে আদরের ছায়া।

অনেক আগলে রাখতে গিয়েই 

হারিয়ে ফেলেছি ভালবাসাময় মুখ।।


যত দিন যায় তত যেন আমি 

আমার আপন থেকে দূরে সরে যাই,

স্মৃতির চোখে খুঁজে ফিরি রোজ 

ছোট ছোট বোন আর ছোট ছোট ভাই।।


বড় বেলা বড় ভয়ংকর

হয়ে গেছি যেন সবে স্বার্থপর, 

সবার উপরে নিজের স্বার্থ 

দেখতে হয়েছি পরের চেয়েও পর।

তাই তো জীবন দুখে দুখে ভরা 

সুখ ভেবে রোজ মনে বেঁধে রাখি দুখ।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন