বর্জন করো
বর্জন করো
খাদিজা বেগম
বর্জন করো বর্জন করো
ও মন আমার মিথ্যে কথাটা বলা,
বর্জন করো বর্জন করো
ক্রোধ লালসা অন্যায় পথে চলা।
বর্জন করা না শিখলে কভু
তোমার জীবনে অর্জন হবে না তো,
অর্জনের আগে বর্জন শেখো
মন থেকে আজ ঘুচাও পাপের ক্ষত।
ডান পায়ে চলো যদি কালো পথে
বাম পায়ে চলো আলোকিত পথ ধরে,
একটি মানুষ দু'পথে দু'মতে
চলতে গিয়েই বিবেক বুদ্ধি মরে।
সম্মান আর অর্থ কামাও
কোন কিছুতেই নেই কোন কিছু মানা,
কোন পথে টাকা কামাতে হবে তা
উচিত সকল মানুষের পড়ে জানা।
ওই স্বর্গীয় পবিত্র বাণী
খুঁজে দেখো পাবে তোমার জন্য তাতে,
অনেক আদেশ নিষেধ রয়েছে
পাঠ করো তুমি ধরে নিয়ে নিজ হাতে।
ভুল করে ভুল যত হয়ে গেছে
তা ভুলে সঠিক সত্যের পথে চলো,
সঠিক পথের সন্ধান করো
কৌশল করে হলেও সত্য বলো।
কাজে অলসতা ছেড়ে দিয়ে তুমি
পরিশ্রমি মানবিক হয়ে ওঠো,
সূর্যের আলো ছড়াবার আগে
নিজের স্বপ্ন সত্যি করতে ছোট।
কেহ কখনোই অন্যের ক্ষতি
করে হতে পারে নাই নিজে লাভবান,
অন্যের ক্ষতি করতে গিয়েই
মানুষ হয়েছে ধীরে ধীরে বেইমান।
পরোপকারী যারা তারাই তো
আসল মানব সৃষ্টি জগতে সেরা,
তাদের চিন্তা তাদের কর্ম
সঠিক সত্য সুন্দর দিয়ে ঘেরা।
তোমার ভিতরে ঘুমিয়ে রয়েছে
সহজ সরল সুখী সুন্দর মন,
ঘুরে দাঁড়ালেই ফিরে তাকালেই
তুমি হতে পারো রবের প্রিয় জন।
Comments
Post a Comment