তোর পাগল
খাদিজা বেগম
তোর পিরিতে ঘর ছাড়িলাম
তবুও না পাইলাম তোরে,
তুই তো পাগল হইলি না রে
বানাইলি তোর পাগল মোরে।
তোর পিরিতে পাগল আমি
তুই দাও পাগল বলে গালি,
তোর পিছনে আসলে আমি
ছুঁড়ে মারো ধুলাবালি।
তুই মারিলে ব্যাথা পাই না
খুশী লাগে এই অন্তরে,
বাহিরেতে রক্ত ঝরে
পিরিত জাগে মোর ভিতরে।
যতো করিস অবহেলা
ততই তোরে ভালো লাগে,
তোর জন্য এই হৃদয়ে
ভালবাসা আরো জাগে।
দূরে থেকে দেখবো তোকে
এ ছাড়া নাই কিছুই দাবি,
এভাবে আর কাঁদবো কতো
আমায় কতো আর কাঁদাবি?
একদিন শুনবি হাড়াই গেছি
আমি খুঁজতে গিয়ে তোরে,
সবার কাছে মরে যাবো
বেঁচে রবো তোর অন্তরে।।
তোর পিরিতে পিরিত তাই
তোর কাছে আই বারে বারে,
তোর ছোঁয়াতে মোর নিরাময়
চাইলে বাঁচা তুই আমারে।
না চাইলে তুই মরে যাবো
দেখবিনা আর পথের ধারে,
খুঁজবি তখন আনমনে তুই
পাবিনা আর তুই আমারে।।
Comments
Post a Comment