হিমালয়
হিমালয়
খাদিজা বেগম
সূর্য যখন সর্ব প্রথম
হাত ছানি দেয় ঐ পর্বতের চূড়ায়,
পর্বতমালা নিদ্রা ফুরিয়ে
সূর্যের আলো দুই হাত ভরে কুঁড়ায়।।
সকাল বেলার সোনালী সূর্য
সারাদিন আলো দিয়ে সন্ধ্যায় হারায়,
আধারের কোলে মাথা রেখে সবে
নিদ্রার দিকে নিজেদের চোখ বাড়ায়।।
এই পৃথিবীটা জাগবে আবার
ভোরের সূর্য জাগার সঙ্গে সঙ্গে,
পুলকিত হবে একে একে সবে
কালো রং ছেড়ে সাজবে নানান রঙ্গে।।
পৃথিবীর সব অলিতে গলিতে
সূর্যের আলো ঝলমল করে ছড়ায়,
তবুও তো কিছু কিছু প্রাণ থাকে
অন্ধকারে নির্মম এই ধরায়।।
যার নয়নের মাঝে নাই আলো
শত সূর্যের আলো ছড়ালেও কি হবে?
যাদের হৃদয় কুৎসিত কালো
তারা বোঝা হয়ে থাকে সুন্দর এ ভবে।।
যার হৃদয়টা আলোকিত হল
তার জীবনের নাই কোন পরাজয়,
সে রবির চেয়ে বেশি আলোকিত
তার কাছে বড় নয় কোন হিমালয়।।
Comments
Post a Comment